×
Logo

সারাদেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুর করেসপনডেন্টঃ

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৩৩ এএম

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এরমধ্যে একই পরিবারের ৪ জন। সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক। রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাওছার (২৫), মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) এবং জাহাঙ্গীর মোল্লার স্ত্রী মাজেদা আক্তার (৪৮)। তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। তাদের পরিবারের প্রধান ছিলেন হাজী আ. ওয়াহেদ মোল্লা।

ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এনএ/এসআইএন 

Logo