×
Logo

সারাদেশ

অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:২১ পিএম

অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং আগের সরকারের সময়ের কর্মকাণ্ডেরও বিচার করা হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ের দুর্নীতির বিষয়গুলো ধীরে ধীরে সামনে আনা হবে। 

শনিবার (২৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধাঞ্জিয়া খাল থেকে ভোইশগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, দেশের সেচব্যবস্থা উন্নয়ন এবং নতুন পানির উৎস তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে, যাতে মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়। বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখনন কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। একই সঙ্গে নদী পুনরুদ্ধারে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খননের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও নতুন খাল খনন করা হবে। এছাড়া বিএনপি 'পদ্মা ব্যারেজ' নামে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে দেশের নদীগুলোর পানিপ্রবাহ সচল রাখার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি দাবি করেন, বিএনপি জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। অনুষ্ঠান শেষে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

/এওয়াইএ/এসআইএন

Logo