×
Logo

সারাদেশ

মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টি বা মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিষাক্ত চেতনানাশক হালুয়া ও এটি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে) ভোরে মাদারীপুর নতুন শহর এলাকার হোটেল জাহিদের (আবাসিক) দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, কোরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করেই তারা সেখানে অবস্থান করছিল। 

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার বাসিন্দা মো. কালাম হোসেন (৫৪), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার বাসিন্দা মো. জাকির হাওলাদার (৫০)।

শনিবার (২৩ মে) দুপুরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া, হালুয়া তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ, মধু, সরিষার তেল, স্যাকারিন, মোবাইল ফোন, পলিথিন প্যাকেটসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলায় বাস, হাট-বাজার ও গণপরিবহনে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে তুলত। পরে কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে ৯টি, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে ৭টি এবং জাকির হাওলাদারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর হাটে আসা ক্রেতা ও পরিবহনের যাত্রীদের টার্গেট করার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় ৩২৮/৩৭৯/৫১১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অজ্ঞান পার্টি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এওয়াইএ/


Logo