×
Logo

সারাদেশ

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে লাখ টাকার গাঁজাসহ আটক ২

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:২৮ পিএম

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে লাখ টাকার গাঁজাসহ আটক ২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় সিলিন্ডার কেটে উদ্ধার করা হয় প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার (২৩ মে) সকালে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশায় থাকা সুজন মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা তল্লাশি করে পুলিশ। সন্দেহজনক অবস্থায় সিলিন্ডারটি কেটে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটক সুজন মিয়া কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা।

এদিকে, একই দিনে মাদারগঞ্জ ঘাট এলাকায় অভিযান চালিয়ে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারীরা প্রতিনিয়ত মাদক পরিবহন ও বিক্রিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের শনাক্ত ও আটক করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়া আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এওয়াইএ/ 


Logo