অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ছিল মানুষের: মিয়া গোলাম পরওয়ার
পিরোজপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:১৯ পিএম
দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা ছিল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দীর্ঘ ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে রাষ্ট্রীয় কাঠামো দলীয়করণ, দুর্নীতি, দমন-পীড়ন ও লুটপাটের মাধ্যমে একটি ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থায় পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের সব রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছে। বর্তমান সাংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নেই। ফলে রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা চেয়েছে মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক। অতীতে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ ও সুযোগ দেওয়া হয়েছে। এখনো যদি একই সংস্কৃতি চলতে থাকে, তাহলে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে না।
তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে গণরায়ে ‘হ্যাঁ’ সূচক মত দিয়েছে। আমরা সেই গণরায় মেনে নিতে প্রস্তুত, কিন্তু অনেকে গণভোট ও জুলাই সনদকে আলাদা করার চেষ্টা করছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
/এওয়াইএ/