রাজবাড়ীতে এখনও জমেনি পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:২৫ পিএম
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজবাড়ীর পশুর হাটগুলোতে এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনাবেচা। শনিবার (২৩ মে) দুপুরে জেলার অন্যতম বৃহৎ কুটির হাট ঘুরে দেখা যায় হাটে কোরবানির পশুর উপস্থিতি বেশি হলেও তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা ছিল কম।
তবে বিকেলের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন পশু ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। তাদের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বেচাকেনা।
হাটে ঘুরে দেখা যায়, অধিকাংশই দেশীয় জাতের ছোট ও মাঝারি আকারের গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পশু মালিকদের দাবি, গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু লালন-পালনের খরচ অনেক বেড়েছে। ফলে দাম কিছুটা বেশি মনে হলেও বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী তা যৌক্তিক এবং ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে। এছাড়া ঈদের আগে জেলায় আরও বেশ কয়েকটি হাট বসবে, তাই এখনো ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম বলে মনে করছেন তারা।
অন্যদিকে, ক্রেতাদের ভাষ্য, ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় অনেক বিক্রেতা পশুর দাম বেশি চাচ্ছে এবং সহজে পশু ছাড়তে চাইছেন না। তারপরও তারা বিভিন্ন হাট ঘুরে বাজার যাচাই করে কোরবানির পশু কেনার চেষ্টা করছেন।
/এওয়াইএ/এনএ