×
Logo

সারাদেশ

নওগাঁয় জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেফতার ৪

নওগাঁ করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:৪৩ পিএম

নওগাঁয় জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেফতার ৪

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ একটি মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশের মিডিয়া সেল থেকে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে ৯০৪/২০২২ নম্বর মামলার গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়। পরে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আদালতের এক কর্মচারীর কাছে নথি ফেরত দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। পরে মূল অভিযুক্তকে শনাক্ত করে নওগাঁ সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকাশ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি খড়ের পালা থেকে মামলার নথি বের করে দেন।

গ্রেফতারকৃত আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, পলাশের ভাই সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ ও রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ (৪০)।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নথিগুলো একটি গুরুত্বপূর্ণ মামলার এবং অল্প কিছুদিনের মধ্যেই মামলাটির রায় ঘোষণার কথা ছিল। নথি চুরির পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এএ

Logo