নরসিংদীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:৩১ পিএম
নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আশিক ভূঁইয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাগর ও তার পরিবারের বিরুদ্ধে। এসময় ছুরিকাঘাত প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছেন একই এলাকার রুহুল আমিন (২০) এবং ইলিয়াস।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আশিক ভূঁইয়া মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, পারুলিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সাগর (২২) ও তার ছোট ভাই সোহাগের (২০) সঙ্গে মাঝেরচর এলাকার রুহুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার বিষয়ে জানতে চাইলে আশিকের সঙ্গে সাগরের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন শালিশি বৈঠকের অপেক্ষায় ছিলেন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী সাগর, সোহাগ, তাদের বাবা ইউনুস আলীসহ ১০-১৫ জনের একটি দল অতর্কিতভাবে আশিকের ওপর হামলা চালায়। এ সময় সাগরের হাতে থাকা ছুরি দিয়ে আশিককে এলোপাতাড়ি আঘাত করা হয়। আশিককে রক্ষা করতে গেলে রুহুল আমিন ও ইলিয়াসও ছুরিকাঘাতে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিক ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহুল আমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, আশিক ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এওয়াইএ/