×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:০৩ পিএম

পটুয়াখালীতে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উকিল বাড়ি এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উকিল বাড়ির বাসিন্দা মো. জাকির হাওলাদারের মেয়ে মোসাম্মদ লামিয়া আক্তার (১০) এবং মো. সুফিয়ান মিয়ার মেয়ে মোসাম্মদ সেফা মনি (১১)। লামিয়া কালিকাপুর দারুন নাজাত প্রি-ক্যাডেট নূরানী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং সেফা মনি কালিকাপুর সালেহীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় দুই বান্ধবী। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে দুইজনের জুতা পড়ে থাকতে দেখে সেখানে অনুসন্ধান চালানো হয়।

পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/এওয়াইএ/এআই 


Logo