×
Logo

সারাদেশ

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিস্কার

স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১১ পিএম

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিস্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগও আনা হয়।

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ‘Ordinance of Students Discipline’ এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী, অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

/এমএইচআর

Logo