সমাজকল্যাণমন্ত্রী
শিশু-নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না
হিলি করেসপনডেন্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
শিশুদের ধর্ষণকারী বা নির্যাতনকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিএনপি সরকারের সময়েই নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এরপরও আরও কী শাস্তি দেওয়া যায়, সেটি নিয়েও ভাবতে হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের পক্ষ থেকেও সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক, আপনার দলের হোক কিংবা নির্দলীয় হোক অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কিছু ঘটনা নিয়ে কেউ কেউ রাজনৈতিক মাঠে পানি ঘোলা করার চেষ্টা করছে। মানুষকে উসকানি দিয়ে মব কালচারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। কেউ যদি মনে করে ধাক্কা দিলেই সরকার পালিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।
তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। এসময় হিলি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ট্রেনের যাত্রাবিরতি ও বন্দর উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত শুরু হবে বলেও আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী।
/এওয়াইএ/এসআইএন