ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬। অভিযানে ৫৯৬ বোতল স্কাপ সিরাপ এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আটককৃত সবুজ হোসেন ও মহসীন মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন বলেন, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এওয়াইএ/এমএন