×
Logo

সারাদেশ

সুন্দরবনে দস্যুদের কবল থেকে ২১ জেলে উদ্ধার

মোংলা করেসপন্ডেন্ট

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৩৮ পিএম

সুন্দরবনে দস্যুদের কবল থেকে ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক দুইটি বিশেষ অভিযানে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে) সকালে বাগেরহাটের মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ বলেন, কয়েকদিন আগে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার একদল জেলে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গহিনে প্রবেশ করলে দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জিম্মি জেলেদের নিয়ে দয়াল বাহিনীর সদস্যরা কয়রা থানার আন্দারমানিকের টোটা ও কেওড়াতলা খাল এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) ভোরে কোস্ট গার্ড স্টেশন কয়রা অভিযান চালিয়ে দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ১০ জন জেলেকে উদ্ধার করে।

অন্যদিকে, কোস্ট গার্ড ও র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কোস্ট গার্ড সেখানে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। একইসঙ্গে বাহিনীটির কাছে জিম্মি থাকা আরও ১১ জন জেলেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড জানায়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।

/এওয়াইএ/এমএন

Logo