×
Logo

সারাদেশ

ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:১২ পিএম

ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর কোনাবাড়ী এলাকায় বকেয়া বেতন, বার্ষিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও ঈদকে সামনে রেখে পাওনা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পৃথক দুটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। গত রোববার (১৭ মে) সন্ধ্যা থেকে ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সেদিন সন্ধ্যা থেকে কর্মবিরতি আরও বিস্তৃত আকার ধারণ করে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত বুধবার (২০ মে) বেতন পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে সুইং সেকশনের শ্রমিকরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে পুরো কারখানার উৎপাদন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

আন্দোলনরত এক ডাইং অপারেটর বলেন, আমাদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের বেতনও সামনে। কয়েকদিন পর কোরবানির ঈদ, অথচ পরিবার নিয়ে কীভাবে চলব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আমরা বেতনের দাবিতে আন্দোলন করছি। বেতন না পাওয়া পর্যন্ত কাজে ফিরব না।

একাধিক সূত্র জানায়– শুধু শ্রমিকরাই নন, কেয়া নিট কম্পোজিট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরাও দীর্ঘদিন ধরে বেতন সংকটে রয়েছেন। অনেক স্টাফের ১৫ থেকে ২০ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

অন্যদিকে, গাজীপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত তমিজউদ্দীন টেক্সটাইল মিলস পিএলসির শ্রমিকরাও বৃহস্পতিবার সকাল থেকে কারখানার মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কারখানাটির রিং অপারেটর মো. আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা অসুস্থ হলেও ছুটি দেয় না কর্তৃপক্ষ। শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। বছরের পর বছর কাজ করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।

পরিস্থিতি সামাল দিতে তমিজউদ্দীন টেক্সটাইল মিলস্ পিএলসি কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে একটি নোটিশ টানিয়ে দেয়। সেখানে উল্লেখ করা হয়, আগামী রোববার (২৪ মে) পবিত্র ঈদুল আজহার বোনাস এবং বিটিএমএ ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী মে মাসের বেতন পরিশোধ করা হবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কেয়া নিট কম্পোজিট লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতির খবর পেয়েছি। শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

/এওয়াইএ/এএম

Logo