নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৪৩ এএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি থেকে মাটি বিক্রি নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে ওসমান গনি (৪৫) নামের এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে আড়াইহাজার-ব্রাহ্মণন্দী সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিহত ওসমান গনি উপজেলার ব্রাহ্মণন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওসমানের সাথে জমির মাটি বিক্রি নিয়ে দলেরই স্থানীয় আরেকটি পক্ষের বিরোধ চলছিল। বুধবার (২০ মে) রাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় মাটি কাটার ভেকু মেশিন (এক্সকাভেটর) নষ্ট হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ওসমান গনি। সেখান থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আড়াইহাজার-ব্রাহ্মণন্দী সড়ক অবরোধ করেন। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সুনির্দিষ্ট আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হত্যাকাণ্ডের পর আড়াইহাজার থানা পুলিশ রাতেই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় ও স্থানীয় মাটি কাটার ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
/এএ