প্রধানমন্ত্রীকে গাজীপুরের ডিসির উপহার: স্মৃতির স্মারকে পিতাকে ছুঁয়ে দেখলেন পুত্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:১১ পিএম
বিকেলের নরম আলো তখন সাতাশ মৌজার মাঠজুড়ে। আর এই মাঠে মঞ্চে দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা চলছে। চারদিকে উৎসবের আমেজ, স্লোগান আর করতালির শব্দ। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই যেন পুরো আয়োজনটির আবহ বদলে গেল। একটি সাধারণ উপহার কীভাবে একটি আস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে এক মুহুর্তেই আবেগ আর ইতিহাসের মহাকাব্যে রূপ দিতে পারে, আজ বুধার গাজীপুরবাসী দেখল তারই এক পরম দৃশ্যপট।
অনুষ্ঠানের একপর্যায়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন একটি বিশেষ স্মারক। মখমলের আবরণে ঢাকা সেই উপহারটি যখন উন্মোচন করা হলো, তখন মঞ্চে বসা খোদ সরকারপ্রধানও হয়তো ভাবেননি তার জন্য কী বিস্ময় অপেক্ষা করছে। সেটি ছিল ১৯৭৮ সালের এক খণ্ড জীবন্ত দলিল— তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক স্মারক চিহ্ন।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান গাজীপুরকে মহকুমা ঘোষণা করে এই অঞ্চলের আধুনিকায়নের সূচনা করেছিলেন। সেই সময়ের একটি স্মারক যখন তারই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে পৌঁছাল, তখন চারপাশের প্রটোকলের দেয়াল যেন নিমেষেই ভেঙে গেল।
প্রধানমন্ত্রী স্মারকটি হাতে নিয়ে আলতো করে আঙুল বুলালেন। রাষ্ট্রনায়কের চাদর গলে তখন বেরিয়ে এলেন এক আকুল পুত্র। পরম মমতায় তিনি পিতার স্মৃতিচিহ্নটি ছুঁয়ে দেখলেন, যেন ওই জড় বস্তুর ভেতরেই তিনি খুঁজে ফিরছিলেন তার বীর পিতার অস্তিত্ব, তার কর্মময় জীবনের সেই চিরচেনা অনুভূতি। উপস্থিত হাজারো মানুষ দেখল, কিছুক্ষণের জন্য প্রধানমন্ত্রী স্তব্ধ হয়ে রইলেন, তার চোখ জুড়ে নেমে এলো স্মৃতিকাতরতার এক অবাধ্য আবেগ।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাধারণত দামী বা প্রথাগত ক্রেস্ট দেওয়ার যে চল, তার বাইরে গিয়ে জেলা প্রশাসকের এই উদ্যোগটি ছিল অনন্য। উপহারদাতার এই গভীর সংবেদনশীলতা ও দূরদর্শিতার কারণে প্রধানমন্ত্রী নিজে মঞ্চেই তার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
গাজীপুরের সাতাশ মৌজা থেকে যখন প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, তখন তার সাথে ছিল এক নতুন ইনস্টিটিউটের স্বপ্ন, আর হৃদয়ের খুব কাছে যত্ন করে রাখা পিতার এক টুকরো অমলিন স্মৃতি।
/এমএন