×
Logo

সারাদেশ

পাঠ্যবইয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে সরকার: রংপুর বিভাগীয় কমিশনার

রংপুর ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:১৭ পিএম

পাঠ্যবইয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে সরকার: রংপুর বিভাগীয় কমিশনার

ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন করতে পাঠ্যবইয়ের সিলেবাসে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট’ বা ভূমি ব্যবস্থাপনা বিষয়টি অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। বুধবার (২০ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এ কথা জানান।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, পূর্বের যেকোনো সময়ের চেয়ে এখনকার জনগণ ভূমি বিষয়ে অনেক বেশি সচেতন। তারপরও সর্বস্তরের সচেতনতা বাড়াতে সরকারের কিছু সুদূরপ্রসারী চিন্তাভাবনা আছে। আগে শুধু সাধারণ আইন বা ‘ল’ পড়ানো হতো, কিন্তু এখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ল্যান্ড ল’ বা ভূমি আইন আলাদাভাবে পড়ানো হচ্ছে এবং এর জন্য আলাদা বিভাগও চালু হয়েছে।   

তিনি আরও বলেন, সরকার এখন চিন্তাভাবনা করছে যেন প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট স্তরে গিয়ে প্রতিটি শিক্ষার্থীকে এই ল্যান্ড ম্যানেজমেন্ট বা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে পড়তে হয়, যাতে তারা ভূমি সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারে। আমরা যারা মাঠ প্রশাসনে আছি তারাও এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।

ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি অটোমেশন ব্যবস্থাপনার সুবিধাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা চালানো হবে। জেলা পর্যায়ের এই ওয়ার্কশপ ও সেমিনারগুলোকে আমরা ক্রমান্বয়ে গ্রামের পাড়া, ওয়ার্ড, ইউনিয়ন এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়ে যেতে চাই। পর্যায়ক্রমে এই সচেতনতামূলক কার্যক্রম রুট লেভেলে ছড়িয়ে দেওয়া হবে।

/এএ


Logo