নরসিংদীতে আদালতে প্রক্সি হাজিরা, কারাগারের সামনে পুনরায় গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:১১ পিএম
নরসিংদীতে মানবপাচার মামলার আসামি সেলিম মিয়ার পক্ষে অর্থের বিনিময়ে প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাভোগের পর আবারও গ্রেফতার হয়েছেন হারুন মিয়া নামে এক ব্যক্তি। মঙ্গলবার (১৯ মে) সকালে জামিনে মুক্ত হওয়ার পর নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এর আগে, প্রক্সি হাজিরা দিতে গিয়ে ১ মাস ৬ দিন কারাভোগ করেন হারুন মিয়া। পরে জামিনে মুক্তি পেলেও জালিয়াতি ও আদালত বিভ্রান্ত করার অভিযোগে সোমবার (১৮ মে) নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আলী আহসান পুনরায় তাকে গ্রেফতারের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে রায়পুরা থানায় দায়ের হওয়া একটি মানবপাচার মামলায় গত ১২ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন রায়পুরা উপজেলার মাহমুদ নগর এলাকার জামির, সেলিম ও ফাতেমা। পরে তারা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরপর কারাগার কর্তৃপক্ষ জানায়, সেলিম পরিচয়ে কারাগারে থাকা ব্যক্তি হারুন মিয়া রায়পুরা উপজেলার সামছু মিয়ার ছেলে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে তিনি সেলিম মিয়ার হয়ে আদালতে প্রক্সি হাজিরা দিতে এসেছিলেন।
পরে প্রকৃত আসামি সেলিম মিয়া আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে হারুন মিয়ার বিরুদ্ধে জালিয়াতি ও আদালত বিভ্রান্ত করার অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।
তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন গ্রেফতার হওয়া হারুন মিয়া। তিনি দাবি করেন, তার শ্যালক জামির তাকে ভুল বুঝিয়ে আদালতে নিয়ে আসেন। পরে আদালত জামিন নামঞ্জুর করলে জামির পালিয়ে যান এবং আদালত তাকে সেলিম ভেবে কারাগারে পাঠায়।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বলেন, আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে প্রকৃত পরিচয় শনাক্ত করে। একজনের হয়ে আরেকজন সাজা ভোগ করবে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এ ঘটনায় কোনো আইনজীবীর গাফিলতি বা সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
/এওয়াইএ/এনএ