নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে নেমে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু জনকেই মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এএ