মাদারীপুরে কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে এসেছে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের গরু রাজাবাবু। প্রায় ২০ মণ ওজনের এই গরুটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। তবে অপরিচিত মানুষ দেখলেই কান্না শুরু করে দেয় রাজাবাবু, আবার কখনও দুষ্টুমির ছলে দাঁতও দেখায়।
সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি এলাকায় খামারি নাসির চোকদারের বাড়িতে রাজাবাবুকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন দূরদূরান্তের মানুষ। কেউ ছবি তুলছেন, আবার কেউ দামাদামি করছেন।
স্থানীয়দের দাবি, জেলার সবচেয়ে বড় গরু এটি। এছাড়া এতো বড় গরু কখনো দেখেননি বলে জানান দর্শনার্থীরা।
খামারি নাসির চোকদার ও তার স্ত্রী খাদিজা বেগম জানান, তাদের খামারেই ৪ বছর আগে গরুটির জন্ম হয়। এরপর পরিবারের সবাই মিলে সন্তানের মতো যত্ন করে বড় করেছেন রাজাবাবুকে। গরম সহ্য করতে না পারায় ১৭টি গরুর মধ্যে শুধুমাত্র রাজাবাবুর জন্য লাগানো হয়েছে সিলিং ফ্যান। ২৪ ঘণ্টাই তার মাথার ওপরে ফ্যান চলে । দৈনিক খাদ্য তালিকায় রয়েছে খড়, ভুষি ও ঘাস। দিনে দুই বেলা প্রায় ১০ কেজি খাবার খায় গরুটি, যার পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় এক হাজার টাকা।
খামারির ছোট ছেলে ইস্রাফিল হোসেন বলেন, আমি গরুটাকে খাবার খাওয়াই, গোসল করাই। আমাকে কিছু বলে না, খুব শান্ত গরু। অনেক বড় দেখে নাম রেখেছি রাজাবাবু।
খামারি নাসির চোকদার জানান, প্রায় ৮০০ কেজি ওজনের রাজাবাবুর জন্য ১০ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ৭ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। তিনি আশা করছেন, ভালো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করা যাবে রাজাবাবুকে। তবে সঠিক দাম না পেলে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
উল্লেখ্য, এ বছর জেলায় ৪ হাজারেরও বেশি খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় ৭৩ হাজার কোরবানির পশু। যা চাহিদার তুলনায় প্রায় ৫ হাজার বেশি।
/এএন