×
Logo

সারাদেশ

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপনডেন্ট মাদারীপুর

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৫২ এএম

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। 

সোমবার (১৮ মে) ওই প্রসূতির মৃত্যু হয়। 

তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে ও একই এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী।

স্বজনরা জানান, সোমবার সকালে প্রসবজনিত সমস্যায় তন্নী খানকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে ডাক্তার ইশরাত জাহান ঐশি ও হিমেল মাহমুদ তার অস্ত্রোপাচার করেন।

স্বজনরা আরও জানান, অস্ত্রোপাচারকালে তন্নীর নাড়ি কেটে ফেলা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বরিশাল মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন ভুলভাবে নাড়ি কাটার কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, ঘটনার পর সোমবার বিকেলে ক্ষুব্ধ স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ ও নূর ক্লিনিকে ভাঙচুর চালায়। ঘটনার পর হাসপাতালটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা সেখানে যাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তারা লিখিত অভিযোগ দিলেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর 

Logo