×
Logo

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ধৈর্য ও অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, এটি বৃহৎ ও প্রযুক্তিনির্ভর প্রকল্প হওয়ায় বাস্তবায়নের আগে বিভিন্ন সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইবাছাই প্রয়োজন।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে 'নতুন কুড়ি স্পোর্টস' আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে ফারাক্কা, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা। সরকারের মাত্র তিন মাস হয়েছে। একটি মহাপরিকল্পনা বা ব্যারেজ নির্মাণে অনেক প্রযুক্তিগত বিষয় ও যাচাইবাছাইয়ের প্রয়োজন হয়। আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ এটিও বাস্তবায়িত হবে।

ফারাক্কা চুক্তির প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর বর্তমান ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে যে ফারাক্কা চুক্তি হয়েছিল, সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী ছিল। আমরা সেই চুক্তির আলোকেই আলোচনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ১০ বছর মেয়াদি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রথম ধাপে ৯ হাজার ১১৫ কোটি টাকার কাজের মধ্যে ২ হাজার ৪১৫ কোটি টাকা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কাজ শুরুর ঘোষণা দেওয়া হলেও প্রকল্পটি এখনও সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা পর্যায়েই রয়েছে।

/এওয়াইএ/এমএন


Logo