×
Logo

সারাদেশ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৩৩ পিএম

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই নতুন ভিসি নিয়োগ দিতে হবে।

শুক্রবার (১৫ মে) সকালে নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগ দিতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিসির পক্ষে অবস্থান নেওয়া আরেক পক্ষের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে এলেও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরকর্মীরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে।

/এওয়াইএ

Logo