উখিয়ায় নারীর মৃত্যু
হাহা রিয়্যাক্টকে কেন্দ্র করে হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
কক্সবাজার করেসপনডেন্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:৫৬ পিএম
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম ছৈয়দা খাতুন।
শনিবার (১৬ মে) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে উখিয়ার টাইপালং মাদ্রাসার দেয়ালে 'জয় বাংলা' লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দেন।
পরে শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে 'হা-হা' রিয়্যাক্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুস। এ ঘটনার পর, বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর করেন। এসময়, তাকে রক্ষার চেষ্টা করলে মারধরের শিকার হন ইউনুসের বন্ধু এনজিও কর্মী এস এম ইমরান।
স্বজনদের অভিযোগ, খবর পেয়ে, ইমরানের মা ছৈয়দা খাতুন ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তিনিও। উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছৈয়দাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, অভিযুক্ত উপজেলা বিএনপি'র সদস্য মিজানুর রহমান সিকদার, জিসানসহ কয়েকজন গতরাতেই সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুসকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।