×
Logo

সারাদেশ

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৭টি দোকান

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৫৩ পিএম

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৭টি দোকান

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭টি দোকান। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার মিয়াহাট বন্দরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নেছারাবাদ ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নেছারাবাদ থানা পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা‌ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের সহাকারী পরিচালক মোহাম্মদ সেলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কীটনাশক দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। 

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আগুন লাগার সাথে সাথে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানুষের জানমাল ও ব্যবসায়ীদের মালামাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মিয়ারহাট বন্দরে প্রায় দুই হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বছর একই বন্দরের একই গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছিল। সেই ঘটনার মাত্র ৭ থেকে ৮'শ ফুট দূরত্বে আবারও আগুন লাগায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ব্যবসায়ীরা দ্রুত সরকারি ক্ষতিপূরণ, আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং স্থায়ী ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

/এএন


Logo