×
Logo

সারাদেশ

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ভাঙ্গা করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:০৫ পিএম

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় মৃত্যু হয়েছে ট্রাকচালক ও তার বাবা, যিনি ট্রাকটির হেলপার হিসেবে কাজ করতেন।

শনিবার (১৬ মে) ভোরে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে বাবা-ছেলের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে তার সঙ্গে কাজ করতেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোরে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যাওয়ায় সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ শুরু করে।  এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বিষয়টি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের মধ্যে ছেলে ট্রাকের চালক এবং বাবা হেলপার ছিলেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এওয়াইএ

Logo