×
Logo

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩

মোংলা করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:১৭ পিএম

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩

সুন্দরবনে বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বাহিনীটির সক্রিয় তিন সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ আটক করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে করিম-শরীফ বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি এবং চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. এনায়েত (২৫)।

উল্লেখ্য, বুধবার (১৩ মে) বন বিভাগের সহযোগিতায় করিম শরীফ বাহিনীর জিম্মিতে থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।

/এওয়াইএ/এসআর 

Logo