পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:৪৮ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার (৬ মে) প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলেই যায়নি।
সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। কলের অপরপ্রান্ত থেকে বলা হয়, আঙ্কেল, আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি। এরপর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটি ট্রুকলারের মাধ্যমে শনাক্ত করে। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর হোসেন। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকায় এবং বর্তমানে তিনি ঢাকার বাড্ডায় বসবাস করেন বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গত শুক্রবার (৮ মে) রাতে ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর সড়ক এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তাকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নেয় পুলিশ। গত বুধবার (১৩ মে) শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রধান অভিযুক্ত আব্বাস আলী ওরফে আকাশ দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় স্কুলে যাতায়াতের পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মামলায় আব্বাস আলী ওরফে আকাশকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি করা হয়েছে সুলতানা রোজ নিপাকে এবং তৃতীয় আসামি করা হয়েছে দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী ফজিলা বেগমকে (৩৫)। এছাড়া অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
/এওয়াইএ