×
Logo

সারাদেশ

দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন লালপুরের আলেয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:০৩ পিএম

দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন লালপুরের আলেয়ার

দারিদ্র্য আর সংগ্রামকে সঙ্গী করেই বড় হয়ে উঠছে নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কিশোরী মোছা. আলেয়া খাতুন। সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়া জীর্ণ কুটিরে বসবাস করলেও তার স্বপ্ন আকাশছোঁয়া। ফুটবলই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ফুটবল মাঠে কীর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিস্ময়বালিকা।

নাটোরে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ পুরো টুর্নামেন্টে টানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিক করে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নাটোরের নারী ফুটবলে নতুন আশার আলো জ্বালিয়েছে সে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর ৩-০ গোলের জয় পায়। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষেও দুর্দান্ত খেলে আলেয়া। নিজের আরও তিন গোলের সুবাদে দলকে ৬-০ ব্যবধানে বড় জয় এনে দেয়। এরপর ফাইনালে গুরুদাসপুর উপজেলার বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে লালপুরকে ৪-০ ব্যবধানে জিতিয়ে শিরোপা নিশ্চিত করে এই কিশোরী ফুটবলার।

আলেয়ার স্বপ্ন এখন বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানো।

অভাবের অন্ধকার পেরিয়ে আলেয়ার উত্থান এখন শুধু লালপুর নয়, পুরো নাটোরবাসীর জন্য গর্বের এক অনুপ্রেরণার গল্প।

/এওয়াইএ/এসআর 

Logo