পটুয়াখালীতে এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদাবাজি, যুবক গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:০১ এএম
পটুয়াখালীতে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি বানিয়ে চাঁদা আদায়ের পর রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব-১১ এর সহয়তায় তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতেই তাকে পটুয়াখালীর কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।
মূলত, গত ৬মে রিমনসহ দুইজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। ওই মামলায় রিমনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী নাসির উদ্দিন জানান, কয়েকদিন আগে রিমন ও তার সহযোগী 'কলাপাড়ার সময়' নামের একটি ফেসবুক পেইজে তার নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তার ছবি সংযুক্ত করে ওই পেইজে প্রচার করেন এবং হোয়াটসএ্যাপে ম্যাসেজের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা প্রদান না করলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলে হুমকি দেন। কোন উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাদের ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা প্রদান করেন। এরপরও হোয়াটসএ্যাপের মাধ্যমে আরও চাঁদা দাবি করলে সে আইনের আশ্রায় নিতে বাধ্য হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনা স্বীকার করেছেন। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
/এমএইচআর