×
Logo

সারাদেশ

নরসিংদীতে মেঘনায় গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

ষ্টাফ করেসপন্ডেন্ট, নরসিংদী

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৩২ পিএম

নরসিংদীতে মেঘনায় গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ মে) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।

মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী এসে পৌঁছায়। তারা শহরতলির নাগরিয়াকান্দি সেতু এলাকায় মেঘনার শাখা নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ারসহ তিনজন নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে।

সে আরো জানায়, তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করা গেলেও মাহির নিখোঁজ হয়ে যায়। পরে সহপাঠীরা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। পরে ঢাকা থেকে আসা ডুবুরি দল কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের অভিভাবকরা ঢাকা থেকে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এওয়াইএ/এসআর 

Logo