×
Logo

সারাদেশ

বিচারকের সামনে নারীর আত্মহত্যা চেষ্টা, স্বামীকে জেলহাজতে প্রেরণ

স্টাফ করেসপনডেন্ট, ফেনী

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

বিচারকের সামনে নারীর আত্মহত্যা চেষ্টা, স্বামীকে জেলহাজতে প্রেরণ

ফেনীতে আদালতে শুনানি চলাকালীন বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে পরিবারের সদস্য, আইনজীবী ও আদালতের কর্মচারীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারক মিনহাজ উদ্দিনের সামনে এ ঘটনা ঘটে।

আমলি আদালতের সহকারী জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি ভালোবেসে ২০২৫ সালে বিয়ে করেন তিন সন্তানের জনক ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন তিনি। আজ রোববার (১০ মে) মামলার তারিখ ধার্য্য করা হয়েছিল। এর আগে তাদের উভয়ের মধ্যে সমঝোতা করার জন্য আদালত এক সপ্তাহের জামিন দেন আকবরকে। আজ মামলার শুনানিতে বাদী ও বিবাদী আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বিচার কার্যক্রম চলাকালে বাদী বিচারককে অনুরোধ করে বলেন, স্যার আমার একটু কথা আছে। এরপর ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মামলার শুনানিতে বাদী ও তার স্বামী (বিবাদী) আদালতে উপস্থিত ছিলেন। স্বামী আগে থেকে জামিনে ছিলেন। জামিন বাড়ানোর জন্য আদালতে বাদী-বিবাদী পক্ষে যুক্ত উপস্থাপন করার সময় বিচারকের সামনে ওই নারী তার সঙ্গে আনা বিষ পান করেন। এসময় কিছু বিষ মুখে দিয়ে দেয় আরও কিছু নিচে পড়ে যায়। এই ঘটনার পর বিচারক আসামীকে জেলহাজতে প্রেরণ করেন। 

বিষপানের সাথে জেলহাজতে প্রেরণের কোনো সম্পর্ক আছে কি-না এমন প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম বলেন, এটা বিচারক বলতে পারবেন। 

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ও ফেনীর সিভিল সার্জন ডা. রোবাইয়াত বিন করিম জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং পর্যবেক্ষণে আছেন।

/এএন

Logo