×
Logo

সারাদেশ

নওগাঁর আম বাজারে আসছে ২২ মে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

নওগাঁর আম বাজারে আসছে ২২ মে

নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে চলতি মৌসুমের আম সংগ্রহ শুরুর তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন। রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত এক সভায় আম পাড়ার এই দিনপঞ্জি নির্ধারণ করা হয়।

শুরুতে স্থানীয় জাত গুটি আম সংগ্রহের মাধ্যমে মৌসুমের আম বাজারজাতকরণ কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে নির্ধারিত তারিখ অনুযায়ী নামানো হবে বিভিন্ন প্রজাতির আম। 

ক্যালেন্ডার অনুযায়ী, গোপালভোগ আম বাজারে আসবে ৩০ মে, হিমসাগর ২ জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা ১০ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি আম পাড়া শুরু হবে ২৫ জুন থেকে। 

সভায় জানানো হয়, চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। 

জেলা প্রশাসক জানান, আমচাষী, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। কেউ যাতে অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএন

Logo