×
Logo

সারাদেশ

'তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে'

কুড়িগ্রামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫০ পিএম

'তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে'

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানির স্বল্পতা অনেকাংশে দূর হবে। এর পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

রোববার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটের ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত ২ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম যুগান্তকারী কর্মসূচি ছিল খাল খনন। পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খালের পাশে গাছ ও মাছ চাষের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এর ফলেই দেশ একসময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে আবারও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। একই সঙ্গে কুড়িগ্রামের বহুল প্রত্যাশিত ধরলা ব্যারেজ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেওয়ার আশ্বাস দেন তিনি।

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত হয় সংক্ষিপ্ত সুধী সমাবেশ। এতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান এবং অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

/এওয়াইএ/

Logo