×
Logo

সারাদেশ

বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার— পঞ্চগড়ে শিল্পমন্ত্রী

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:০৯ পিএম

বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার— পঞ্চগড়ে শিল্পমন্ত্রী

দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) দুপুরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে। এসব মিল পুনরায় চালু করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আয় বৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের চাকরি সংরক্ষণ সম্ভব হবে। বন্ধ মিলগুলো চালু হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের সুযোগও তৈরি হবে।

তিনি আরও বলেন, আখচাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চিনিকলগুলো যাতে লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সে লক্ষ্যে সরকার সংস্কার, আধুনিকায়ন এবং বিকল্প ব্যবস্থাপনার সম্ভাবনাও যাচাই করবে।

এর আগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ মিল সংশ্লিষ্ট কর্মকর্তা, শ্রমিক ও আখচাষীরা।

সভা শেষে কৃষক, শ্রমিক ও কর্মচারীরা শিল্পমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

/এওয়াইএ/এমএইচআর

Logo