×
Logo

সারাদেশ

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৪টি দোকান

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৪টি দোকান

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। শনিবার (৯ মে) দিবাগত রাতে সদর উপজেলার শাড়িকতলা বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

/এওয়াইএ/এমএইচআর

Logo