সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৩৩ পিএম
সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নে জিন্নাহ্ নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ মে) সকালে উপজেলার ফিংড়ির গোবরদাড়ি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিন্নাহ্ ফিংড়ি গোবরদাড়ি গুচ্ছগ্রামের মোহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কে বা কারা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর স্থানীয় দাউদ মাস্টারের পুকুরের পাশে ফেলে যায়। সকালে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহটি পুকুরের ভেতর ফেলে গেছে। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
/এসআর