তৌহিদ হোসেন, সাতক্ষীরা থেকে ফিরে⚫
বাজারে গিয়ে ডালাভর্তি নদীর মাছ শেষ কবে দেখেছেন? নদীর মাছ কমে যাওয়ার পেছনের খলনায়ক কে, তা কি কখনো জানতে চাই আমরা? বাস্তবতা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের অদৃশ্য থাবায় এখন প্রায় বিপন্ন দক্ষিণ-পশ্চিমের জেলেরা। একদিকে বিভিন্ন নদী সরু হয়ে পরিণত হচ্ছে খালে, অন্যদিকে সাগরের নোনা জল হুহু করে ঢুকছে মিঠা পানিতে, যা ধ্বংস করে দিচ্ছে মাছের প্রজনন পরিবেশ। এতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেও নদীতে মাছ পাচ্ছে না জেলেরা, ফলে অনেকেই বাধ্য হয়ে এই আদি পেশা ছাড়ছেন।
এক সময়কার প্রমত্তা ও উত্তাল নদীগুলো এখন যেন নিজের ছায়ার সঙ্গেই লড়াই করছে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের লোনা পানি নদীতে ঢুকে মাছের প্রজনন পরিবেশ ওলটপালট করে দিচ্ছে। কপোতাক্ষ নদীর ঘাটে সারিবদ্ধ নৌকাগুলো এখন কেবলই কাঠের কাঠামো হয়ে দাঁড়িয়ে আছে, কারণ মাছ শিকারে যাওয়ার সাহস পাচ্ছেন না জেলেরা। আগে যে নদীতে জাল ফেললেই মাছ মিলতো, এখন তা প্রায় শূন্য। অথচ একবার নৌকা নিয়ে বেরোলে দাদনের ১০ থেকে ২০ লাখ টাকার দায় সামলাতে হয়। সেই ঝক্কি কাঁধে নিচ্ছেন হাতেগোনা কয়েকজন জেলে।
নিদারুণ কষ্টের কথা জানাতে গিয়ে উপকূলের জেলেরা বলেন, 'খুব কষ্টের ভিতরে চলে। দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় স্বামী-স্ত্রীও কাজ করতেই হয় মাঠেঘাটে। মানে আমি হয়তো চিংড়ি চাষে যাই, স্ত্রী হয়তো দেখা যাচ্ছে যে ২০০ টাকা ২৫০ টাকা জোনে ধান কাটতে যায়। মানুষ কিস্তি ঋণ নিয়ে যায়, এভাবে সুদ নিয়ে যায় বা কিস্তিতে টাকা তুলে নিয়ে যায়। আমাদের মাছ না হওয়ার কারণে অনেকে নৌকা বিক্রি করে দিয়েও তাদের ঋণ পরিশোধ করে। আমার বাপ-দাদারা, ঠাকুর-দাদারা এইটাই করে গেছে। আমরা তো এছাড়া আর কিছুই পারি না। নেই এক বিঘা জমি, নেই টাকা-পয়সা। আমরা কীভাবে উপরে উঠব?'
সাতক্ষীরার তালা উপজেলার যে নদকে ঘিরে একসময় দেড় লাখ মানুষের কর্মসংস্থান হতো, এখন তার তিন ভাগের এক ভাগও অবশিষ্ট নেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে এই এলাকায় লবণাক্ততার পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে, কারণ সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নোনা জল প্রতিনিয়ত মিঠা পানির নদীতে ঢুকছে। এতে মিঠা পানির মাছ যেমন কমছে, তেমনি সামুদ্রিক মাছের আনাগোনাও খুব একটা বাড়েনি।
দারিদ্র্য বাড়ায় এখন বাধ্য হয়ে উপার্জনে নামতে হয়েছে বাড়ির নারী সদস্যদেরও। মৎস্যজীবীদের স্ত্রীরাও সেই অবস্থা বর্ণনা করলেন। তারা বলেন— 'সংসার চলে না ভালোভাবে, এ জন্যে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য আমরা কিছু ইনকাম করার চেষ্টা করি। এই যে দরজি কাজ টাজ করি বিভিন্ন। আমরা মাছ কিনি তাই খাই, কিনতে পারলে খাই না পারলে খাইনি। এরকম মানুষ মনে করে ওরা জাল পায় ওরা মাছ খাইতে পারে, আসলে আমরা তা পারি না।'
এদিকে, বাপ-দাদার এই আদি পেশায় থাকতে এখন আর রাজি নয় নতুন প্রজন্মের বা জেন-জি তরুণরা। জাল ও জলের গল্প বাদ দিয়ে প্রযুক্তি আর ভালো ক্যারিয়ারের দিকেই তাদের ঝোঁক। কথা হয় কয়েকজন তরুণের সাথে। তারা বলেন, 'এটা আমাদের জন্য একটা ব্যবসা। কিন্তু এই ব্যবসাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এখন এসে এই ব্যবসায় আর লাভ নেই, সবাই লস। জীবনটা হাতে করে নিয়ে সাগরে যেতে হয় মাছ ধরতে। এ কারণে আসলে এই জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো করতে চায় না। আর তারা শিক্ষিত হতে চায়, চাকরি-বাকরি করতে চায়।'
অস্তিত্ব বাঁচাতে কেউ কেউ পৈত্রিক ভিটা বা স্ত্রীর গয়না বন্ধক রেখে বিকল্প পেশা হিসেবে মাছের খামার বা চিংড়ি চাষে বিনিয়োগ করছেন। তাদের কেউ উদ্যোক্তা আবার কেউ শ্রমিক। তারা বলেন, 'খামার শ্রমিক হিসেবে অল্প কিছু মাছ দিয়ে আর কি আমরা খামার তৈরি করি কোন রকমের যাতে আমরা বেঁচে থাকতে পারি। (উপার্জন কি ঠিকমতো হয়?) না, সেইভাবে ওইভাবে হয় না। আমরা ওইভাবে তো তৈরি করতে পারি না, আমাদের টাকা-পয়সা তো ওইভাবে নাই। চিংড়ি চাষ করি, সাদা মাছের চাষ করি আর আমার কিছু জাল আছে তাই আমি ভাড়াও দিয়ে নিজে মাছ ধরতে যাই। তাতে আমার কোনমতে চলে।'
উপকূলের বাজারগুলোর দৃশ্য এখন অন্য কথা বলে। যেখানে তাজা মাছের সয়লাব থাকার কথা ছিল, সেখানে এখন চাষের মাছের রাজত্ব। অন্য জেলা থেকে আসা এসব মাছের দামও আকাশচুম্বী। বাজারের একজন মাছ বিক্রেতা বলেন, 'বাজারে ভাইজান মাছের দাম অনেক বেশি, ব্যাপক বেশি। এখন আহরণে নিষেধাজ্ঞা, তাই চাষের মাছই বেশি। নদীর মাছ কিছু থাকলেও দাম অনেক। এখন তো বৈশাখ। উপকূলে থাকি, কিন্তু আপনার হচ্ছে উপকূলের মাছ কম, এই কারণে একটু দাম বেশি। আর চাষের মাছ বেশি। চাষের মাছ ছাড়া কোন মাছ নাই।'
বিশ্বব্যাংকের তথ্যমতে, বছরের বিশেষ সময়ে উপকূলের নদীতে লবণাক্ততা বাড়ে প্রায় ৬৮ গুণ। ফলে সার্বিক যোগান কমেছে ৩২.৪ শতাংশ। মাঝারি মাছের ঘাটতি সাড়ে ৩৫ ভাগ এবং বড় মাছের সরবরাহ কমেছে অর্ধেকের বেশি।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা, জি এম সেলিম বলেন, 'এখানে আগে ৫০ হাজারের বেশি মৎস্যজীবী ছিলেন। তাদের সংখ্যা আসলেই কমেছে। অনেকে মারা গেছেন। অনেক বিকল্প পেশায় চলে গেছেন। কাঁকড়া চাষ একটা বড় বিকল্প হিসেবে সামনে এসেছে। অনেকে আবার প্রসেসিং ফ্যাক্টরিতে চাকরি করছেন।'
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, 'আগে দেখা যেত নদীর জেলেরা নিজস্ব বোটে মাছ ধরতো। এখন তারা সাগরের নৌকায় যাচ্ছেন। সেখানে জাল বা বোট কোনোটাই তার না। অর্থাৎ আগে যারা নৌকার মালিক ছিলেন, তারা হয়ে যাচ্ছেন শ্রমিক। '
মাছের প্রজনন নিশ্চিত করতে সরকার প্রতিবছর আহরণে নিষেধাজ্ঞা দিলেও গবেষকদের আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ লবণাক্ততা আরও বাড়বে। তখন মাছের প্রজনন শূন্যের কোঠায় নামতে পারে, যা কৃষিতেও ফেলবে বিরূপ প্রভাব।
/এমএইচআর