আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় মাদক সেবনের অপরাধে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবিকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শাহেদ (২৮), রফিকুল ইসলাম (২৩), আবুল কালাম (৪৮) এবং আলামিন (২২)। তারা সবাই রেলওয়ে স্টেশনের ভাসমান বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই ৪জনকে আটক করা হয়। পরে মাদক সেবন অপরাধে আটককৃতদের মধ্যে দুইজনকে ১০দিন এবং অপর দুইজনকে ১২দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
/এমএইচআর