×
Logo

সারাদেশ

ভারত থেকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে পূর্বাঞ্চল সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম

ভারত থেকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে পূর্বাঞ্চল সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদল ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাশাপাশি ঈদুল আজহাকে সামনে রেখে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)'র অধীনে ৭৯ কিলোমিটার সীমান্ত এবং সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ৩১ কিলোমিটার সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার ১১০ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি জওয়ান মোতায়েন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফ জানিয়েছেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্ত এলাকাতেও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যমুনা নিউজকে তিনি বলেন, সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বিজিবি। এ সীমান্ত এলাকা দিয়ে মাদক, চোরাচালান, নারী ও শিশু- মানবপাচারসহ সীমান্তের উৎসুক জনতার অহেতুক ঘোরা ফেরা বন্ধে বিশেষ সতর্কতা জারির পাশাপাশি দিবারাত্রি সতর্কাবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা।

এছাড়া দু’দেশের সীমান্তঘেষা গ্রামগুলো দিয়ে বাংলাদেশে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিজিবি জওয়ানরা নজরবন্দি করে রাখা হয়েছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেইসঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

/এমএইচআর


Logo