পঞ্চগড় সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, পুশ-ইন ও চোরাচালান ঠেকাতে বিশেষ টহল
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:২২ পিএম
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
এতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। সীমান্ত পথে মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
/এমএইচআর