×
Logo

সারাদেশ

ঈদে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলো জামিল: নিহতের চাচা

জামালপুর করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:০০ পিএম

ঈদে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলো জামিল: নিহতের চাচা

আসন্ন ঈদুল আজহায় গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে আসতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমন। কিন্তু তিনি আসলেন তবে লাশ হয়ে। সোমবার (০৪ মে) দুপুরে নিহত জামিলের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতির সময় কথাগুলো বলেছেন তার বড় চাচা জিয়াউল হক। 

জিয়াউল হক বলেন, দুই বছর হলো সে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে গেছে৷ এবার ঈদে আসার কথা তার। এই আসার জন্য সব প্রক্রিয়াও সম্পূর্ণ করেছিলো। সে আসলো কিন্তু আমাদের মধ্যে লাশ হয়ে। আমার ভাতিজাকে আর জীবিত দেখতে পারলাম না৷ 

নিহত জামিলের আরেক চাচা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না৷ তার মরদেহ ইতোমধ্যে রাস্তায় রয়েছে। বিকেলের মধ্যে গ্রামে আসবে। আমাদের পরিবারিক কবরস্থানে তার দাফন কার্যক্রম করা হবে। বাদ মাগরিব পাশের স্কুলে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হয়। পরে ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। উভয়কে হত্যার বিষয় নিশ্চিত করেন হিলসবোর কাউন্টি শেরিফ অফিস। এছাড়া জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়। নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি লালডোবায় বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

Logo