×
Logo

সারাদেশ

ভারতের বিধানসভার নির্বাচনের কারণে বুড়িমারী স্থলবন্দর দুদিনের বন্ধ ঘোষণা।

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:০২ পিএম

ভারতের বিধানসভার নির্বাচনের কারণে বুড়িমারী স্থলবন্দর দুদিনের বন্ধ ঘোষণা।

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুদিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (৩ মে)  ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় প্রশাসন।

ভারতের কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব ও জলপাইগুড়ির জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক দুটি নির্দেশনায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যক্তি ও যানবাহনের যাতায়াত ৩ মে সকাল ৬টা থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটও একই ধরনের আদেশ জারি করে ভুটান ও বাংলাদেশে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন।

নিষেধাজ্ঞা চলাকালীন চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে বাংলাদেশ ও ভুটান থেকে ভারতে ভ্রমণের সুযোগ থাকবে। এছাড়া বিদেশে থাকা ভারতীয় নাগরিক বা পর্যটকরা বৈধ নথিপত্র সাপেক্ষে প্রবেশের অনুমতি পাবেন। সীমান্ত চেকপোস্টগুলোতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনের চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ৫ মে থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলো আমদানি-রফতানি বন্ধ রাখলেও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম যেমন পরীক্ষণ, শুল্কায়ন ও যাত্রীসেবা যথারীতি চালু রয়েছে।

/এএ

Logo