জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩ মে) দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। দীর্ঘ সময় পানি জমে থাকায় এলাকায় বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং বাসিন্দারা সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে তারা রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালনে বাধ্য হন।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসনের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জলাবদ্ধতার দাবিতে স্থানীয়রা ট্রেন অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ও পৌরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলেন। কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
/এএ