চুয়াডাঙ্গায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৩২ পিএম
চুয়াডাঙ্গায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম আমির হামজা। তার বয়স ৮ বছর।
শনিবার (২ মে) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশু আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তার মৃত্যু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এ পর্যন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে।
/এসআর