×
Logo

সারাদেশ

‎নারায়ণগঞ্জে ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের অস্ত্র ছিনতাই, ৪ ঘণ্টা পর উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:২৩ পিএম

‎নারায়ণগঞ্জে ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের অস্ত্র ছিনতাই, ৪ ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। চার ঘণ্টা পর অভিযান চালিয়ে ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

‎শুক্রবার (১ মে) ভোরে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডের একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।

‎‎পরে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

‎‎নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। 

/এসআইএন


Logo