এক বছর পর টেকনাফ স্থল বন্দরে এলো মিয়ানমারের কাঠ বোঝাই ট্রলার
কক্সবাজার করেসপনডেন্ট
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৩৮ পিএম
এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর, অবশেষে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারের মংডু থেকে একটি কাঠ বোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসে ভিড়েছে। এতে করে দেখা দিয়েছে টেকনাফ সীমান্ত দিয়ে পুনরায় মিয়ানমারের সাথে বাণিজ্য চালুর সম্ভাবনা। যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
শুক্রবার (১ মে) দুপুর দেড়টায় মিয়ানমারের মংডু থেকে কাঠ নিয়ে আসা এই বোটটি বন্দরে ভিড়লে স্থবির হয়ে পড়া বন্দরে নতুন প্রাণের সঞ্চার হয়। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় এতদিনের নীরবতা ভেঙে সেখানে বইছে স্বস্তির হাওয়া।
বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম চালানে আসা এই বোটে ৫২০ পিস চম্পাফুল এবং ৪৪৩ পিস গর্জন কাঠসহ মোট ৯৬৩ পিস কাঠ এসেছে। যা দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে।
বন্দর পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, বৈধ পথে ব্যাবসা সচল রাখার মাধ্যমে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
আমদানিকারকরা বলছেন, এই বাণিজ্য সচল হওয়ায় তারা নতুন করে বুক বাঁধছেন। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে আবারও লাভের মুখ দেখার আশা সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের।
এর আগে, গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এই বন্দর পরিদর্শন করে দ্রুত বন্দর সচলের আশ্বাস দিয়েছিলেন।
সীমান্ত বাণিজ্য নিয়মিত সচল থাকলে টেকনাফের অর্থনীতিতে আবারও গতি ফিরবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, দেড় বছর ধরে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে নাফ নদী-এর মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়।
গত বছরের এপ্রিল মাসের শুরুতে, পণ্যবাহী জাহাজ থেকে কমিশন (চাঁদা) দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।
/এনএ