×
Logo

সারাদেশ

ফরিদপুরে গোখরা সাপের ছোবলে আহত যুবক, সাপ নিয়েই হাজির হাসপাতালে

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

ফরিদপুরে গোখরা সাপের ছোবলে আহত যুবক, সাপ নিয়েই হাজির হাসপাতালে

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষধর গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় রিপন শিকদার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তিনি ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে করে নিয়ে আসেন, যা হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

হাসপাতাল সূত্র জানায়, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

/এওয়াইএ/এসআইএন

Logo