×
Logo

সারাদেশ

আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ নিলাম অযোগ্য পণ্য সামগ্রী ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউজ এলাকায় এসব পণ্য ধ্বংস করা হয়। 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময়ে বিজিবি ও পুলিশ কর্তৃক জব্দ করা এসব পণ্য গুদামে পড়ে ছিল এবং নিলামযোগ্য না হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি তৈরি করছিলো। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল ইঁদুরে কাটা ও নষ্ট হয়ে যাওয়া ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ঔষধ, আমদানি নিষিদ্ধ আতশবাজি, বিড়ি, সিগারেটসহ মোট ১৭ ধরনের পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার এবং ধ্বংস কমিটির সদস্য সচিব মো. আতিকুর রহমান বলেন, ধ্বংস কার্যক্রম কাস্টমসের নিয়মিত ও আইনগত প্রক্রিয়ার অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জব্দ করা অবৈধ ও আমদানি নিষিদ্ধ পণ্য, যা নিলামযোগ্য নয়, সেগুলোই ধ্বংস করা হয়েছে। মোট ৯৪৬টি জিআরের পণ্য ধ্বংস করা হয়েছে, যার বেশিরভাগই ছিল অবৈধ ভারতীয় আতশবাজি।

/এওয়াইএ/এসআর 

Logo