এসএসসির ভুয়া প্রশ্নফাঁসের প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য জানান।
তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত তাউসিফ রহমান রিসাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুজনেই তথ্যপ্রযুক্তিতে বেশ দক্ষ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ‘ব্যাটম্যান ওয়াইল্ড’ ও ‘ব্যাটমান’ নামে দুটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করে সেখানে প্রশ্ন সরবরাহ করতেন। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করার পরপরই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের নাম্বার ব্লক করে দিতো।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা হ্যাকিং কার্যক্রমের সঙ্গেও জড়িত। ইতোমধ্যে তাদের কাছে শতাধিক ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে।
/এএন/এমএন